ওয়েব ডেস্ক :- প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছিল এই বছরের এপ্রিল মাসে পুকুর খননের কাজ করতে গিয়ে। ঘটনাটি ঘটেছিল, গ্রামীণ হাওড়ার বাগনান - ১ ব্লকের ওলানপাড়া শিবতলা এলাকায়। আর শুক্রবার, 'আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'র প্রতিনিধিরা উদ্ধার করতে আসেন সেই প্রাচীন মূর্তিটি। আর তাকে ঘিরেই উত্তেজনা ছড়ায় এই এলাকায়।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই বছরের এপ্রিল মাসে বাগনান থানার অন্তর্গত ওলানপাড়া শিবতলা এলাকায় একটি পুকুর খননের কাজ করতে গিয়ে এই প্রাচীন বিষ্ণুমূর্তিটি উদ্ধার হয়েছিল। আর এই মূর্তি প্রতিষ্ঠা করে গড়ে ওঠে মন্দিরও।
মূর্তি উদ্ধারের কথা বাগনান থানায় জানালে থানার পক্ষ থেকে বিষয়টি জানানো হয় 'আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'কে। জানা গেছে, হাওড়া জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে 'আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'র কর্তৃপক্ষরা একটি চিঠিতে পাঠিয়ে ওই মূর্তিটি উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার কথা জানান।
আর শুক্রবার 'আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'র প্রতিনিধিরা উদ্ধার করতে আসে সেই মূর্তিটি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, উলুবেড়িয়ার এসডিপিও, বাগনান - ১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা এবং বিশাল পুলিশ বাহিনী। মূর্তিটি উদ্ধার করতে আসলে স্থানীয় গ্রামবাসীরা মূর্তি উদ্ধারে বাধার সৃষ্টি করে।
তাদের বক্তব্য, এই মূর্তিটি কোনো ভাবেই এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু পরে প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় বিধায়কের উপস্থিতিতে প্রাচীন বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় 'আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'র প্রতিনিধিরা।


No comments:
Post a Comment