রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু চার জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে একজন। বুধবার সাত সকালে দুর্গাপুরের লাউদোহা থানার মাধাইপুর খোলা মুখ কয়লা খনিতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত চারজনের নাম হলো - আন্না বাউরি, পিঙ্কি বাউরি, শ্যামল বাউরি ও নটবর বাউরি। এরা একই পরিবারের সদস্য বলে জানা যায়। বুধবার সাত সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লাউদোহা থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পান্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা।মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। সকালেই পাঁচ জন ভেতরে যায় আর সেই সময়ই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনকভাবে একজনকে হাসপাতালে ভর্তি করেছে। বাকি চার জনের মৃত্যু হয়েছে। মৃত চার জনকে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা মৃত দের কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারটা দেখছি। যাতে মৃতদের পরিবারের লোকেরা ক্ষতিপূরণ পায়। তিনি আরো বলেন, এখানে নিরাপত্তার অভাব রয়েছে। সকালে জ্বালানি সংগ্রহ করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সে ব্যাপারে আমরা ব্যাবস্থা নেবো। প্রশাসন সবসময় মৃত পরিবারের সাথে রয়েছে।


No comments:
Post a Comment