Breaking

Monday, October 10, 2022

ভারতীয় রাজনীতিতে ফের নক্ষত্রপতন! প্রয়াত হয়েছেন মুলায়ম সিং যাদব

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। কিডনির সমস্যা ছাড়াও আরও নানান রকমের শারীরিক সমস্যা নিয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। 

তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার সকালে। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনবার। এছাড়াও তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তার প্রয়াণে গোটা দেশে শোকের ছায়া। 

মুলায়ম সিং যাদবের জন্ম হয় ১৯৩৯ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের ইটাওয়ার সাইফাই গ্রামে। পড়াশোনা শুরু করেন গাঁয়েই। তিনি শিকোহাবাদের একে কলেজ থেকে বিটি এবং আগ্রা বিশ্ববিদ্যালয়ের বিআর কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

তাঁর অসাধারণ বক্তৃতার ক্ষমতা ছাত্রাবস্থাতেই তাঁকে রাজনীতির ময়দানে পরিচিতি দেয়। তবে কুস্তিই ছিল 'নেতাজির' প্রথম প্রেম। প্রথমবার তিনি ভোটে লড়েন ১৯৬৭ সালে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ১৯৮৯ সালে। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোক প্ৰকাশ করেছেন। রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, "দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। একটি সাধারণ পরিবেশ থেকে আসা মুলায়ম সিং যাদব জির কৃতিত্ব গুলি ছিল অসাধারণ। 'ধরতি পুত্ৰ' মুলায়ম জি জমির সাথে যুক্ত একজন প্রবীণ নেতা ছিলেন। তিনি সব দলের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।" 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী টুইটারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে অসাধারণ ব্যক্তি বলে উল্লেখ করে তাঁর সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন। নরেন্দ্র মোদী, মুলায়মের সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন। 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও, মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। কংগ্রেস সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলিও, মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোক প্রকাশ করেছে।

No comments:

Post a Comment

Adbox