Breaking

Wednesday, January 19, 2022

IND vs SA 2021 - 22 : বাভূমা ও দুসেনের শতরানে বড়ো স্কোর প্রোটিয়াদের, মিডিল অর্ডারের ব্যর্থতায় ফের হার ভারতের

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারের পর ভারত বুধবার পার্ল - এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  প্রথম একদিনের ম্যাচে মাঠে নামে। ওয়ানডে ক্রিকেটে  বিরাট এর অধিনায়কত্ব ছাড়ার পর এটাই ভারতের প্রথম ম্যাচ। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কে এল রাহুল এর উপর। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভূমা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। 

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনার মালানকে ৬ রানের মাথায় পাভিলিয়নে পাঠিয়ে দেয় জাসপ্রিত বুমরা। এরপর ১৬ ওভারের প্রথম বলেই কুইন্টন ডি কককে (২৭ রান) ড্রেসিং রুমে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। ইনিংসের ১৮ ওভারের মাথায় এইডেন মার্করাম (৪ রান) কে রান আউট করে ভেঙ্কটেশ আইয়ার। দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের যখন পতন ঘটে, তখন দলের স্কোর ৬৮ রান। 

এরপর ক্যাপ্টেন টেম্বা বাভূমারাশি ভ্যান ডার দুসেন মিলে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যান। এই দুই প্রোটিয়া ব্যাটসম্যান মিলে ইনিংসের ৩০ ওভার ব্যাট করে ২০৪ রানের পার্টনারশিপ করেন চতুর্থ উইকেটের জন্য। এই দুই ব্যাটসম্যান এর সামনে ভারতের বোলিং অকেজো মনে হচ্ছিল। এই দুই ব্যাটসম্যানই এই ম্যাচে নিজেদের শতরান পূর্ণ করেন। ক্যাপ্টেন টেম্বা বাভূমা ১৪৩ বল খেলে ১১০ রানের ইনিংস খেলেন। তিনি তার ইনিংসে ৮ টি চার মারেন। 

রাশি ভ্যান ডার দুসেন তার এই ইনিংসে ৯৬ বল খেলে ১৩৪.৩৭ স্ট্রাইক রেট নিয়ে ১২৯ রান করেন। দুসেন তার এই অপরাজিত ইনিংসে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি মারেন। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে করে ২৯৬ রান। জাসপ্রিত বুমরা ২ টি ও রবীচন্দ্রন অশ্বিন ১ টি উইকেট নেন। 

ভারত তাদের ইনিংসের শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে ব্যর্থ হয়। ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা আবারো ব্যর্থ হলো। যার ফলে এই ম্যাচে ভারতের হার হলো। ৯ ওভারে দলের রান যখন ৪৬, তখন ক্যাপ্টেন কে এল রাহুল ১২ রান করে আউট হয়ে যায়। এরপর ব্যাট করতে আসেন বিরাট কোহলি। শিখর ধাওয়ান আর বিরাট মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান মিলে ৯২ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। শিখর ধাওয়ানকে বেশ ভালো ছন্দেই দেখা যাচ্ছিল, কিন্তু তিনি ৭৯ রান করে আউট হয়ে যায়। বিরাট কোহলি এই ইনিংসে ৫১ রান করে। এই দুই ব্যাটসম্যান ছাড়া মিডল অর্ডারে ঋষভ পন্থ (১৬ রান), শ্রেয়াস আইয়ার (১৭ রান), ভেঙ্কটেশ আইয়ার (২ রান) ব্যর্থ হন। শেষে শার্দুল ঠাকুর ৫০ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানই সংগ্রহ করতে পারে। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটিকে ৩১ রানে জিতে নেয়। আর সেই সঙ্গে সিরিজে ১-০ তে এগিয়ে যায়। বিরাট এর অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলো ভারত। দক্ষিণ আফ্রিকা বোলার লুঙ্গি নাগীডি, তবরেজ শামসি ও লুকওয়ো প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। মার্করাম ও মহারাজ নেন ১ টি করে উইকেট। দুর্দান্ত শতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাশি ভ্যান ডার দুসেন। 

ম্যাচের স্কোর কার্ড - 
দক্ষিণ আফ্রিকা - ২৯৬/৪ (৫০ ওভার) 
ভারত - ২৬৫/৮ (৫০ ওভার) 

দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী। 

ম্যাচের সেরা - রাশি ভ্যান ডার দুসেন (দক্ষিণ আফ্রিকা) 



No comments:

Post a Comment

Adbox