Breaking

Friday, November 25, 2022

FIFA World Cup Qatar 2022, BRA vs SRB : ব্রাজিল শুরু করলো জয় দিয়ে, জোড়া গোল রিচার্লিসনের, 'রিংমাস্টার' সেই 'নেইমার'

স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপে ব্রাজিল পথ চলা শুরু করলো জয় দিয়ে। ব্রাজিল, সার্বিয়ার সলিড রক্ষণ ভেঙে দিয়ে জয় ছিনিয়ে নেয়। রিচার্লিসনের জোড়া গোলে ২-০ তে জয় পায় ব্রাজিল, ম্যাচের 'রিংমাস্টার' কিন্তু সেই 'নেইমার'। 

এবারের কাতার বিশ্বকাপ হতে চলেছে হয়তো অঘটনের বিশ্বকাপ। এখনও পর্যন্ত তো তেমনটাই বলা যায়। মেসির আর্জেন্টিনা হেরেছে সৌদি আরবের কাছে। জার্মানিকে, হারিয়েছে জাপান। এখনও পর্যন্ত ফুটবল প্রেমীরা বুঝে উঠতেই পারছেন না ছোটো দল - বড়ো দলের পার্থক্যটা। 

কিন্তু বিশ্বকাপের ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল তার চিরাচরিত ভঙ্গিতেই শুরু করলো। এবারে সার্বিয়ার রক্ষণ বেশ শক্তিশালী বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে সার্বিয়ার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে সবাই তাকিয়ে ছিল নেইমারের দিকেই। পরিসংখ্যান বলছিলো, বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের শেষ ১০ টি গোল এসেছিল দ্বিতীয়ার্ধেই। ব্রাজিলের জয়ের কাহিনী কিন্তু লিখলো 'রিচার্লিসন'। ম্যাচের ৬২ মিনিটের মাথায় গোল করেন রিচার্লিসন। এই গোলে অবদান ছিল নেইমারেরও। 

ম্যাচের ৭৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি ছিল অবিশ্বাস্য। দ্বিতীয় গোলে রিচার্লিসন দেখালেন সাম্বা ঝলক এবং ক্যারাটে কিক। ২০১৪ সালের বিশ্বকাপে নেইমার জোড়া গোল করেছিলেন। আর এবার কাতার বিশ্বকাপ ২০২২ এ বিশ্বকাপের অভিষেক ম্যাচেই জোড়া গোল করলেন রিচার্লিসন। 

ব্রাজিল কোচ তিতে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন ব্রাজিল আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলবে বিশ্বকাপ। ষষ্ঠ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই তাদের একমাত্র লক্ষ্য। প্রথম ম্যাচে গোল পায়নি নেইমার। কিন্তু তিনি হতাশ করেননি। গোটা দলকেই চালালেন নেইমার। প্রত্যেক গোলেই তার ভূমিকা রয়েছে। কার্যত নেইমার 'রিংমাস্টার' এর ভূমিকা পালন করেছে ম্যাচে।

No comments:

Post a Comment

Adbox