Breaking

Thursday, July 21, 2022

বৃহস্পতিবার তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ থেকে গোটা আগস্ট মাসের কর্মসূচি স্থির করে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- কলকাতার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বর্ণময় সেলিব্রেশন হবে, তা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের আরও একবার সেই কর্মসূচির কথা স্মরণ করালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ থেকে গোটা আগস্ট মাসের কর্মসূচি স্থির করে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৯ আগস্ট :- বিশ্ব আদিবাসী দিবস। তাই ওইদিন ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ। তবে ওই দিনই মহরম। তাই আদিবাসী দিবসের মিছিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শেষ করতে হবে। কারণ, দুপুর ১টার পর থেকে মহরমের তাজিয়া বেরোয়। তাই কোনওভাবে যাতে দু’টি পৃথক মিছিলে কোনও সংঘাত না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দলনেত্রীর।

১৪ আগস্ট :- ফ্রিডম অ্যাট মিড নাইট পালনের বার্তা দল নেত্রীর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এলাকায় দেশাত্মবোধক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ।

১৫ আগস্ট :- স্বাধীনতা দিবসে সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলন করবেন কর্মীরা।

২২ আগস্ট :- দুর্গাপুজোর আগে নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক।

২৮ আগস্ট :- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।

২৯ আগস্ট :- রবিবার হওয়ায় ২৮ আগস্ট এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হবে না। পরিবর্তে ২৯ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে দুপুর ১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

১ সেপ্টেম্বর :- দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই কলকাতায় বর্ণময় মিছিল করা হবে। ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ দলীয় কর্মী-সমর্থকদের।

৫ সেপ্টেম্বর :- শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানোর নির্দেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তবে দুর্গাপুজোর পর কী কী পরবর্তী পরিকল্পনা রয়েছে, তা স্থির হবে পরে। তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল তাই কমিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে কর্মীদের। এমনকি, দলীয় কর্মীদের জনসংযোগ রক্ষা করার বার্তা দেন দলনেত্রী। 

তিনি বলেন, “আমি চাই আমার প্রত্যেক কর্মী সাইকেল চড়ে এলাকায় ঘুরুন। সকলের সঙ্গে কথা বলুন। দেখা করুন। চায়ের দোকানে বসুন। কাউকে চা খাওয়ান। তবে চা বিক্রেতাকে টাকা দিতে ভুলবেন না। এমএলএরা পায়ে হেঁটে ঘুরে দেখুন। এমপিরা রিকশায় চড়ে এলাকা পরিদর্শন করে মানুষের সুবিধা –অসুবিধার পাশে দাঁড়ান।” 

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগেই তৃণমূল সুপ্রিমো জনসংযোগের উপর বেশি জোর দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।


No comments:

Post a Comment

Adbox